
ذات مرة، ضم رسول الله صلى الله عليه وسلم سيدنا عبد الله بن عباس رضي الله عنهما ودعا له فقال: اللهم علمه الحكمة (صحيح البخاري، الرقم: ٣٧٥٦)
একবার, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বীয়াল্লাহু আনহুমা) কে জড়িয়ে ধরে তাঁর জন্য দোয়া করলেনঃ
“হে আল্লাহ! তাকে প্রজ্ঞা/হিকমত দান করুন।” (সহিহ বুখারী #৩৭৫৬)
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বীয়াল্লাহু ‘আনহুমা) কর্তৃক হযরত জিবরীল (আলাইহিস সালাম)-কে দেখা
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বীয়াল্লাহু ‘আনহুমা) উল্লেখ করেন যে, একবার তিনি তাঁর পিতা সহ রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর কাছে ছিলেন যখন রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) কারো সাথে একান্তে কিছু আলোচনা করছিলেন। যেহেতু রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) সেই ব্যক্তির সাথে আলাপ করছিলেন, তাই তাঁর পিঠ হযরত আব্বাস (রাদ্বীয়াল্লাহু আনহু) এবং তাঁর পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বীয়াল্লাহু আনহুমা)-এর দিকে ফেরানো ছিল এবং সম্ভবত রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বুঝতে পারেননি যে তাঁরা তাঁর সাথে দেখা করতে এসেছেন।
হযরত আব্বাস (রাদ্বীয়াল্লাহু আনহু) তাঁর ছেলেকে নিয়ে রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর মজলিস ছেড়ে চলে গেলেন এবং রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর সাথে কথা বলার সুযোগ পাননি।
চলে যাওয়ার পর হযরত আব্বাস (রাদ্বীয়াল্লাহু আনহু) তাঁর পুত্র হযরত আব্দুল্লাহকে বললেন, “হে আমার পুত্র! তুমি কি দেখনি, তোমার চাচাতো ভাই (রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কীভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন (অর্থাৎ, সম্ভবত তিনি আমার সাথে কথা বলতে চাননি)?”
হযরত আব্দুল্লাহ (রাদ্বীয়াল্লাহু আনহুমা) তাঁর পিতাকে বললেন, “হে আমার পিতা! রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর সাথে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি তাঁর সাথে একান্তে কিছু কথা বলছিলেন (এ কারণেই রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম আপনার দিকে পিঠ ফিরিয়ে ছিলেন)।”
হযরত আব্দুল্লাহ (রাদ্বীয়াল্লাহু আনহুমা) উল্লেখ করলেন: “এরপর আমরা রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কাছে ফিরে গেলাম এবং যখন আমার পিতা রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর সাথে সাক্ষাৎ করলেন, তিনি তাঁকে বললেন, “হে রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)! আমি আব্দুল্লাহকে অমুক কথা বলেছি (অর্থাৎ আমি তাকে বলেছি যে আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন), এবং সে আমাকে জানালো যে (আপনার মুখ ফিরিয়ে নেওয়ার কারণ ছিল এই যে) একজন ব্যক্তি আপনার সাথে একান্তে কথা বলছিল (কিন্তু আমি সেই ব্যক্তিকে দেখতে পাইনি)। এটা কি সত্যি যে আপনি কারো সাথে একান্তে কোনো বিষয়ে আলোচনা করছিলেন?”
রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) হযরত আব্দুল্লাহ (রাদ্বীয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞাসা করলেন, “হে আব্দুল্লাহ! তুমি কি সত্যিই তাকে (অর্থাৎ যে ব্যক্তির সাথে আমি কথা বলছিলাম) দেখেছিলে?” হযরত আব্দুল্লাহ (রাদ্বীয়াল্লাহু আনহুমা) উত্তর দিলেন, “হ্যাঁ (আমি তাঁকে দেখেছিলাম)।” রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বললেন, “ঐ ব্যক্তি (যাকে তুমি দেখেছিলে) ছিলেন জিবরীল (আলাইহিস সালাম)। ইনিই সেই ব্যক্তি যার সাথে আমি (কথা বলায়) ব্যস্ত ছিলাম।” (মুসনাদ আহমাদ #২৬৭৯; মাজমুয যাওয়াইদ #১৫৫১৮)
Alislaam – বাংলা