
قال الحسن البصري رحمه الله: كان ابن عباس من الإسلام بمنزل، وكان من القرآن بمنزل، وكان يقوم على منبرنا هذا فيقرأ البقرة وآل عمران، فيفسرها آية آية (تاريخ الإسلام 5/93)
হযরত হাসান বসরী (রহিমাহুল্লাহ) একবার বলেছিলেন:
“আব্দুল্লাহ ইবনে আব্বাস ইসলামে সুউচ্চ মর্যাদা এবং কুরআন মাজীদের (জ্ঞান ও বোঝার) ক্ষেত্রে বিশিষ্ট মর্যাদা লাভ করেছিলেন। তিনি এই মিম্বরে দাঁড়িয়ে সূরা বাকারাহ এবং সূরা আলে ইমরানের তাফসীর এক এক আয়াত করে ব্যাখ্যা করতেন।” (তারীখুল ইসলাম ৫/৯৩)
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কর্তৃক এক অভাবী ব্যক্তির প্রয়োজন পূরণ
একবার এক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট আসলেন, তখন তিনি রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর মসজিদে ই’তিকাফ অবস্থায় বসে ছিলেন। লোকটি তাঁকে সালাম দিয়ে বসল।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে বললেন, “তোমাকে চিন্তিত ও বিষণ্ণ মনে হচ্ছে।”
লোকটি বলল, “জ্বী, হে রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর চাচাতো ভাই। আমি অমুক ব্যক্তির কাছে ঋণগ্রস্ত, কিন্তু তা পরিশোধ করতে পারছি না, তাই আমি পেরেশান।”
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, “তুমি চাইলে আমি কি তোমার পক্ষ থেকে তোমার পাওনাদারের সাথে কথা বলব, যাতে সে তোমাকে আরও কিছুটা সময় দেয়?”
লোকটি বলল, “আপনি চাইলে করতে পারেন।”
এ কথা শুনে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বীয়াল্লাহু আনহুমা) মসজিদ থেকে বের হতে লাগলেন, যাতে সেই পাওনাদারের কাছে গিয়ে তার পক্ষ থেকে সুপারিশ করতে পারেন।
তখন লোকটি তাঁকে বলল, “আপনি কি ভুলে গেছেন যে আপনি ই’তিকাফ অবস্থায় আছেন?”
এ কথা শুনে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর চোখে পানি এসে গেল এবং তিনি বললেন:
“না, আমি ভুলিনি। কিন্তু আমি এই কবরে শায়িত সত্তাকে বলতে শুনেছি (রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম বুঝিয়ছেন)— আর তাঁকে এ কথা বলতে শুনে খুব বেশি দিন হয়নি যে,
‘যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য হেঁটে যায় এবং তার প্রয়োজন পূরণ করে দেয়, তার এই কাজ দশ বছর ই’তিকাফে থাকার চেয়েও উত্তম এবং অধিক সওয়াবের। আর যে ব্যক্তি আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের নিয়তে একদিন ই’তিকাফ করে, আল্লাহ তা’আলা তাকে জাহান্নামের আগুন থেকে তিন পরিখা দূরে সরিয়ে দেবেন। আর প্রতিটি পরিখার প্রশস্ততা আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়েও বেশি হবে।'” (শু’আবুল ঈমান #৩৬৭৯)
Alislaam – বাংলা