রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর সাথে হযরত আবদুল্লাহ বিন মাসউদ ‎‎(রাদ্বীয়াল্লাহু আনহু)-এর ঘনিষ্ঠ সম্পর্ক

عن سيدنا أبي موسى الأشعري رضي الله عنه أنه قال: قدمت أنا وأخي من اليمن (إلى المدينة المنورة)، فمكثنا حينا ما نرى ابن مسعود وأمه إلا من أهل البيت، من كثرة دخولهم ولزومهم له (صحيح البخاري، الرقم: ٤٣٨٤)

হযরত আবু মূসা আশ‘আরী (রাদ্বীয়াল্লাহু আনহু) ব্যাখ্যা করেন, “যখন আমি এবং আমার ভাই ইয়েমেন থেকে (মদীনা মুনাওয়ারায়) আসি, তখন রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর ঘরে ঘন ঘন প্রবেশ করার কারণে এবং তাঁর সাথে ঘনিষ্ঠতার কারণে কিছু সময়ের জন্য আমরা আসলে ভেবেছিলাম যে আবদুল্লাহ বিন মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু)-এবং তাঁর মা রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর পরিবারের সদস্য ছিলেন।” (সহীহ বুখারী ‎‎#৪৩৮৪)

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) এর আবু জাহলকে হত্যা করা

বদরের যুদ্ধ শেষ হওয়ার পর এবং রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ও সাহাবীগণ বিজয় লাভের পর, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) সাহাবীগণকে বললেন, “কে আবু জাহলের অবস্থা দেখতে যাবে?”

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) তাকে খুঁজতে গিয়ে দেখলেন যে, আফরা (রাদ্বীয়াল্লাহু আনহু) এর দুই পুত্র তাকে আহত করেছে এবং সে মৃত্যু যন্ত্রণায় কাতর।

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) তার কাছে এসে তার ঘাড়ে পা রাখলেন। তিনি তার দাড়ি ধরে বললেন, “তুমি কি আবু জাহল? হে আল্লাহর শত্রু! আল্লাহ তোমাকে অপমান করেছেন!”

আবু জাহল উত্তর দিল, “আমার চেয়েও বড় আর কেউ আছে কি যাকে তোমরা হত্যা করেছ?” সে হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) কে আরও বলল, “হে ছোট রাখাল! তুমি খুব উঁচু এবং কঠিন পাহাড়ে আরোহণের চেষ্টা করছো (এমনকি মৃত্যুর সময়ও সে গর্বে ফুলে উঠেছিল)।”

এরপর সে বলল, “আহা! যদি তোমার মতো কৃষক ছাড়া আর কেউ আমাকে হত্যা করতে পারতো (যাতে এটা আমার জন্য সম্মানের হতো)।”

আবু জাহল হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) কে আরও বলেছিল, “যখন তুমি আমার শিরশ্ছেদ করবে, তখন আমার মাথা আমার ঘাড়ের নিচ থেকে, কাঁধের কাছাকাছি কেটে ফেলবে, যাতে লোকেরা যখন আমার মাথার দিকে তাকাবে, তখন তা আরও বিস্ময়কর হবে (এবং আমাদের সেনাবাহিনীর অন্যান্য নিহত সৈন্যদের মাথার চেয়েও উঁচু হবে)।”

সে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) কে আরও বলেছিলো, “যখন তুমি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর কাছে ফিরে যাবে, তখন তাকে বলো যে আমি বলেছিলাম, “আজ তোমার প্রতি আমার ঘৃণা আগের চেয়ে অনেক বেশি। একইভাবে, আমার সারা জীবন, আমি সর্বদা আল্লাহর শত্রু ছিলাম, কিন্তু আজ, আল্লাহর প্রতি আমার শত্রুতা আগের চেয়ে অনেক বেশি।”

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) তার তরবারি দিয়ে তার শিরচ্ছেদ করে তাকে হত্যা করেন। এরপর তিনি মাথাটি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর কাছে নিয়ে আসেন এবং বলেন, “এটি আল্লাহর শত্রু আবু জাহলের মাথা।”

নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) খুশি হয়ে জিজ্ঞাসা করেন, “আল্লাহর কসম (এটি কি আবু জাহলের মাথা?”

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) আল্লাহর নামে শপথ করলেন যে, এটিই আবু জাহেলের মাথা।

অতঃপর, রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বললেনঃ

الله أكبر، الحمد لله الذي صدق وعده، ونصر عبده، وهزم الأحزاب وحده

আল্লাহ সর্বশ্রেষ্ঠ! সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য! তিনি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই শত্রুকে পরাজিত করেছেন!

এরপর নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) কে বললেন, “আমাকে দেখাও তার লাশ কোথায় আছে”।

যখন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু ‘আনহু) রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কে আবু জাহেলের লাশের কাছে নিয়ে গেলেন, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) নিম্নোক্ত কথাটি তিনবার বললেনঃ

الحمد لله الذي أعز الإسلام وأهله ‏

সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, যিনি একাই ইসলাম ও মুসলমানদের সম্মান দিয়েছেন।

রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) আরো বলেছেনঃ “এটি হল এই উম্মতের ফিরআউন।”

তখন রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু)-কে আবু জাহলের তরবারি (গনিমাতের অংশ হিসেবে) প্রদান করেন।

(সহীহ বুখারী #৪০২০, মুসনাদে আহমদ #৪২৪৭, ফাতহুল বারী ৭/২৯৫, শারহুজ জুরকানী ২/২৯৮ এবং শারহুস সিয়ারিল কাবীর পৃষ্ঠা ৬০০)

Check Also

হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) এর হযরত আবু যার (রাদ্বীয়াল্লাহু ‎আনহু) এর প্রতি ভালোবাসা

لما أخبر سيدنا عبد الله بن مسعود رضي الله عنه بموت سيدنا أبي ذر رضي …