
قال رسول الله صلى الله عليه وسلم: لو كنت مؤمرا أحدا (على جيش) من غير مشورة (الصحابة، عند صعوبة جمعهم للمشاورة) لأمرت عليهم ابن أم عبد (عبد الله بن مسعود رضي الله عنه وذلك لأن رسول الله صلى الله عليه وسلم كان على ثقة تامّة بكفاءة سيدنا عبد الله بن مسعود رضي الله عنه وأهليّته للقيادة). (سنن الترمذي، الرقم: 3808)
রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন:
“(সাহাবাদের সাথে) পরামর্শ না করে যদি আমাকে কোনো ব্যক্তিকে (কোন আর্মির) নেতা নিযুক্ত করতে হতো (কারণ সাহাবাদের একত্রিত করা ও তাদের সাথে পরামর্শ করা কঠিন ছিল), তাহলে আমি ইবনে উম্মি আবদ (আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদ্বীয়াল্লাহু আনহু)-কেই (আর্মির) নেতা নিযুক্ত করতাম (অর্থাৎ, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদ্বীয়াল্লাহু আনহুর নেতা হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্যতার ব্যাপারে এতটাই আস্থাশীল ছিলেন)।” (সুনান তিরমিযী #৩৮০৮)
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর বীরত্ব
হুনাইনের যুদ্ধে মুসলিমরা সাময়িকভাবে পরাজয় বরণ করে। এই কঠিন সময়ে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) সেসব সাহাবায়ে কেরামের (রাদ্বীয়াল্লাহু ‘আনহুম) মধ্যে ছিলেন যারা রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর সাথে অবিচল ছিলেন।
হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন:
“হুনাইনের যুদ্ধের দিনে আমি রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর সাথে ছিলাম, যখন মুসলমানরা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে শুরু করল। কিন্তু মুহাজিরীন ও আনসারদের মধ্য থেকে আশি জন লোক রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর সাথে অবিচল রইলেন। আমরা প্রায় আশি ফুট পিছু হটলাম, কিন্তু শত্রুর দিকে পিঠ ফিরিয়ে (যুদ্ধক্ষেত্র থেকে) পালালাম না। এরাই ছিল সেই মুমিনগণ, যাদের উপর আল্লাহ তা‘আলা ‘সাকীনা’ (যুদ্ধক্ষেত্রে প্রশান্তি) অবতীর্ণ করেছিলেন।”
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন: “রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) তাঁর খচ্চরের উপর বসেছিলেন। তিনি শত্রুর দিকে এগিয়ে যাওয়ার জন্য পশুটিকে চাবুক মারছিলেন। তাঁর খচ্চরটি অস্থির হয়ে উঠল এবং অন্য দিকে ঘুরে গেল,যার ফলে রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) জিনপোশ থেকে সামান্য একপাশে সরে গেলেন। রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) পশুটি থেকে পড়ে যাবেন এই ভেবে আমি চিন্তিত হয়ে পড়লাম এবং তাঁকে বললাম, ‘(হে আল্লাহর রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম), জিনপোশে দৃঢ়ভাবে বসুন। আল্লাহ তা‘আলা আপনাকে উন্নত রাখুন!’
রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) আমাকে বললেন, ‘আমাকে এক মুঠো বালি দাও।’ অতঃপর তিনি তা (বালি) তাদের (শত্রুদের) মুখের দিকে ছুঁড়ে মারলেন এবং সেই বালির মাধ্যমে আল্লাহ তা‘আলা শত্রুর চোখ বালিতে ভরে দিলেন।” এরপর রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) জিজ্ঞেস করলেন: ‘মুহাজিরীন ও আনসারগণ কোথায়?’ আমি উত্তর দিলাম: ‘তাঁরা সেখানেই (রণক্ষেত্রে) উপস্থিত আছেন।’ তখন তিনি বললেন: ‘তাঁদেরকে ডাকো।’
সুতরাং আমি তাঁদেরকে ডাকলাম, এবং তাঁরা তাঁদের তরবারি হাতে নিয়ে এগিয়ে এলেন, যা তাঁদের ডান হাতে তারার মতো ঝলমল করছিল। এই দৃশ্য দেখে মুশরিকরা পিঠ ঘুরিয়ে (রণক্ষেত্র থেকে) পালিয়ে গেল। এইভাবে আল্লাহ তা’আলা রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এবং সাহাবীগণকে বিজয় দান করলেন।” (মুসনাদ আহমাদ #৪৩৩৬)
Alislaam – বাংলা