দোয়া সুন্নত এবং আদাব – চতুর্থ খন্ড

দোয়া কবুল হওয়ার সময়

আযানের সময় এবং যুদ্ধে দুই সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার সময়

হযরত সাহল বিন সা’দ (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “দুই সময় আছে যখন দোয়া প্রত্যাখ্যাত হয় না, অথবা খুব কমই এই দুই সময়ে করা দোয়া কবুল হয় না; আযানের সময় এবং যখন উভয় সেনাবাহিনী যুদ্ধে মুখোমুখি হয়।”[1]

আযান এবং ইকামতের মধ্যে

হযরত আনাস (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “আযান এবং ইকামতের মধ্যে করা দোয়া প্রত্যাখ্যাত হয় না।”[2]

মাঝরাত

হযরত উসমান বিন আবিল আস সাকাফী (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, “রাতের অর্ধেক সময় অতিবাহিত হলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। তখন একজন ফেরেশতা ডেকে বলেন, ‘কেউ কি দোয়া করছে যাতে তার দোয়া কবুল হয়? কেউ কি কোন কিছুর জন্য ফরিয়াদ করছে যে তার ফরিয়াদ কবুল হয়? কোন কষ্টে থাকা ব্যক্তি কি রয়েছে যাতে তার কষ্ট লাঘব হয়?’ এরপর, এমন কোন মুসলিম নেই যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন না, কেবল পতিতা অথবা জোর করে মানুষের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি ছাড়া।”[3]

ফরয নামাযের পর এবং তাহাজ্জুদের সময় দোয়া

হযরত আবু উমামা (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, একবার হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) কে জিজ্ঞাসা করা হয়েছিল, “কোন দোয়া সবচেয়ে বেশি শোনা হয় (এবং সহজেই কবুল হয়)”? রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) উত্তর দিলেন, “রাতের শেষ ভাগে এবং ফরয নামাযের পরে করা দোয়া।”[4]


[1] سنن أبي داود، الرقم: 2540، وسكت عنه هو والمنذري في مختصره

[2] سنن أبي داود، الرقم: 521، سنن الترمذي، الرقم: 212، وقال: حديث أنس حديث حسن

[3] المعجم الكبير للطبراني، الرقم: 8391، وقال العلامة الهيثمي رحمه الله في مجمع الزوائد، الرقم: 17245: رواه الطبراني ورجاله رجال الصحيح

[4] سنن الترمذي، الرقم: 3499، وقال هذا حديث حسن

Check Also

দোয়া সুন্নত এবং আদাব – দ্বিতীয় খন্ড

দোয়ার ফজিলত মুমিনের অস্ত্র হযরত আলী (রাদ্বীয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন—রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) …